তিস্তা নিউজ ডেস্ক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। এ উপলক্ষে ২০২৬ সালের জন্য পরীক্ষার কার্যক্রম পরিচালনার নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে, যেখানে পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কারের বিধান যুক্ত করা হয়েছে এবং নির্দেশিকায় বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী সরাসরি নকল করতে ধরা না পড়লেও যদি সে পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করে—যেমন কথা বলা, বারবার এদিক-ওদিক তাকানো বা অন্যের উত্তর দেখে লেখা—তাহলে কক্ষ পরিদর্শক তাকে নীরবে বহিষ্কার করতে পারবেন, এবং সে তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারলেও পরে তার উত্তরপত্র বাতিল করা হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, অসদুপায় বা নীরব বহিষ্কারের ক্ষেত্রে উত্তরপত্রের কভার পৃষ্ঠা না ছিঁড়ে প্রত্যবেক্ষকের প্রতিবেদনসহ বোর্ডের ওয়েবসাইটে প্রদত্ত গোপনীয় ফরম যথাযথভাবে পূরণ করে বিষয় ও পত্রের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে এবং প্যাকেটের ওপর লাল কালি দিয়ে স্পষ্টভাবে ‘রিপোর্টেড’ লিখে কেন্দ্রের অন্যান্য উত্তরপত্রের সঙ্গে আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।
এছাড়া নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নীরব বহিষ্কারের ক্ষেত্রে কারণ অবশ্যই প্রত্যবেক্ষকের প্রতিবেদনে স্পষ্টভাবে লিখতে হবে এবং নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীদের যুক্তিসঙ্গত কারণে পরবর্তী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে; তবে পরবর্তী পরীক্ষাগুলোতেও যদি সে অসদুপায় অবলম্বন না করে, তবুও তার সব বিষয়ের সৃজনশীল ও নৈর্ব্যক্তিক উত্তরপত্র একই নিয়মে আলাদা করে, নীরব বহিষ্কারের বিষয় ও কারণ উল্লেখসহ প্রতিবেদন যুক্ত করে পৃথক প্যাকেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।
Leave a Reply