এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, এবার থেকে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্দিষ্ট কিছু সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত মডেলগুলো হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW। এসব মডেলের পাশাপাশি একই ধরনের সাধারণ নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।
তবে নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনোভাবেই প্রোগ্রামেবল, গ্রাফিক্যাল বা স্মার্ট ফিচারযুক্ত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এমন ক্যালকুলেটরে মেমোরি, প্রোগ্রাম বা অতিরিক্ত তথ্য সংরক্ষণের সুবিধা থাকলে তা নিষিদ্ধ হিসেবে গণ্য হবে।
হাতঘড়ি ব্যবহারের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা কেবল সাধারণ কাঁটাযুক্ত (অ্যানালগ) হাতঘড়ি ব্যবহার করতে পারবে। ডিজিটাল, স্মার্টওয়াচ কিংবা ব্লুটুথ বা ইন্টারনেট সংযুক্ত কোনো ধরনের ঘড়ি পরীক্ষার হলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। কোনো পরীক্ষার্থী নিয়ম ভঙ্গ করলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply