তিস্তা নিউজ ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সহায়তা কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবে।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের অগ্রগতি তুলে ধরা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু করা হবে। সফলভাবে বাস্তবায়নের পর ধাপে ধাপে তা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, বিশেষজ্ঞদের মাধ্যমে ড্রেস ও ব্যাগের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। বিজিএমইএ-এর পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রায় এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি পাওয়া গেছে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি বেসরকারি খাতের প্রতিনিধিরাও অংশ নেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন উদ্যোক্তা ইতোমধ্যে এই উদ্যোগে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। চলতি বছর এটি পাইলট আকারে শুরু হলেও আগামী অর্থবছরে আরও বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে প্রতিটি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একক ডিজাইন ও নির্দিষ্ট রঙের ড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহ করা হবে। এতে সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে সমতা, শৃঙ্খলা ও অভিন্ন পরিচয়ের একটি মানদণ্ড তৈরি হবে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বই, পোশাক, খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা ধাপে ধাপে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
Leave a Reply