জেলা প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রের বদলে ভিন্ন সিলেবাসের প্রশ্নে পরীক্ষা গ্রহণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি ঘিরে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডামুড্যা উপজেলার শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওমর ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের পরীক্ষায় তাকে ভুলভাবে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়।
ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১২ নম্বর কক্ষে পরীক্ষার শেষ পর্যায়ে সহপাঠীদের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে নিশ্চিত হন, তার প্রশ্নপত্র নতুন সিলেবাস অনুযায়ী নয়, যা তাকে মানসিকভাবে উদ্বিগ্ন করে তোলে।
অভিযোগে আরও বলা হয়, তিনি নতুন কারিকুলামের শিক্ষার্থী হলেও পরীক্ষায় পুরোনো সিলেবাসের প্রশ্নে অংশ নিতে বাধ্য হন, যা তার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ঘটনার পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় কেন্দ্রসচিব মো. আবদুল মজিদ খান এবং ট্যাগ অফিসার জাহিদুল ইসলামকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় পরীক্ষার স্বচ্ছতা, প্রশ্নপত্র ব্যবস্থাপনা ও কেন্দ্রীয় নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিভাবকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি ও দায়িত্বশীল ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।
Leave a Reply