নিজস্ব প্রতিনিধি,
সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, বৈঠকে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনসহ বিভিন্ন ভারতীয় স্থাপনার নিরাপত্তা এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ তুলে ধরা হয়। এ সময় একটি অভিযোগ ও আপত্তিপত্র হাই কমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই ভারতের। দুই দেশের সম্পর্ক যাতে আরও অবনতি না ঘটে, সে লক্ষ্যে বিষয়টি নীরব কূটনৈতিক বা ব্যাক-চ্যানেল যোগাযোগের মাধ্যমে সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।
এর আগে একই দিন সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকেও তলব করে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর আশপাশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। পাশাপাশি সেসব মিশনের নিরাপত্তা জোরদারের জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখযোগ্য যে, চলতি মাসের ১৭ ডিসেম্বরও বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠক করেন। ধারাবাহিক এসব কূটনৈতিক তৎপরতা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে চলমান অস্বস্তি ও টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply