নিজস্ব প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ও সমীকরণ। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পদত্যাগের পর তিনি দলীয় গ্রুপে একটি বার্তায় জানান, গত দেড় বছরে সহযোদ্ধাদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং সেজন্য সবার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি দলের সবাইকে শুভকামনাও জানান তিনি।
এনসিপি ছাড়ার পর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে, তাসনিম জারা বিএনপিতে যোগ দিতে পারেন। তবে রোববার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি স্পষ্টভাবে জানান, বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দেন যে আসন্ন সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। সেই লক্ষ্যেই রোববার সকাল থেকে তিনি ঢাকা-৯ আসনে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেন, যা ব্যাপক সাড়া পেয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। ঢাকা-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সে অনুযায়ী তাসনিম জারাকে অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
Leave a Reply