নিজস্ব প্রাতনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বয় জোরদারে এ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। এ সাক্ষাতের পর দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আনুষ্ঠানিক সভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনীর ভূমিকা, পারস্পরিক সমন্বয়, প্রস্তুতির অগ্রগতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটগ্রহণের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সহিংসতা বা বিশৃঙ্খলা এড়াতে আগাম প্রস্তুতি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর কৌশল আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি নির্বাচনী এলাকায় বাহিনী মোতায়েন, যোগাযোগ ব্যবস্থা এবং দায়িত্ব বণ্টন নিয়েও দিকনির্দেশনা আসতে পারে।
নির্বাচন কমিশনের মতে, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়, পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। সে কারণেই নির্বাচন-পূর্ব এই বৈঠকের মাধ্যমে বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় আরও সুদৃঢ় করা হচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই বৈঠক নির্বাচনকে ঘিরে আস্থা তৈরিতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply