নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে; তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, এই পরিবর্তন সঠিকভাবে কাজে লাগাতে পারলে গণতান্ত্রিক ধারায় ফেরার সুযোগ রয়েছে।
স্থানীয় সময় ১১ জানুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘আসন্ন নির্বাচন-২০২৬ এবং নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শামসুদ্দিন মাহমুদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসান চৌধুরী।
ড্যান মজিনা বলেন, দীর্ঘদিনের ব্যক্তিকেন্দ্রিক শাসনের কারণে বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। তবে এখন ব্যালট বাক্সের মাধ্যমে জনগণের নেতা নির্বাচনের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। তিনি ভোটারদের ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ায় নানা চ্যালেঞ্জের মুখে পড়ার কথাও স্মরণ করেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের ফলে গণতন্ত্র পুনরুদ্ধারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply