তিস্তা নিউজ ডেস্ক
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
উদ্ধার শেষে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে এই রুটে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হলে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনায় ঈদে ঘরমুখো শতাধিক যাত্রী আহত হন, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আনা দুটি রিলিফ ট্রেন সারারাত কাজ চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলে এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ সম্পন্ন করে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, ট্রেন চলাচল চালু হলেও দুর্ঘটনাস্থলে আপাতত ধীরগতিতে ট্রেন চলবে এবং পূর্ণাঙ্গ মেরামত না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় থাকবে।
এদিকে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
Leave a Reply